রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কপ-৩১: ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। রোববার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ সময় তিনি জানান, গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কাজ সফলভাবে শেষ করা গেলে আরো প্রায় ২৭৩ কোটি টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে; সে ক্ষেত্রে মোট অনুদানের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ বলেন, কপ-৩১ চলাকালে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে এ অনুদান নিশ্চিত হয়েছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো বা প্রায় ৪১০ কোটি টাকা পাওয়া যাবে। তার ভাষ্য অনুযায়ী, নিশ্চিত হওয়া পুরো অর্থই অনুদান, যা বাংলাদেশকে ফেরত দিতে হবে না।

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে বিশেষ সহকারী জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেন, জাতীয় বক্তব্য দেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তার মতে, ব্যস্ত কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রীর এই গুরুত্ব দেওয়া প্রাণ ও প্রকৃতি রক্ষায় তার ব্যক্তিগত অঙ্গীকারের প্রতিফলন। সম্মেলনের সময় বাড়ানো হয়েছিল উল্লেখ করে তিনি জানান, দেশে ফেরার সময়ও গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের দরকষাকষি চলছিল।

সবুজ জলবায়ু তহবিল, বৈশ্বিক পরিবেশ তহবিল এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকেও আরও অর্থায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান ড. সাইমুম পারভেজ। এ ছাড়া ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করা এবং বননির্ভর মানুষের জীবনমান উন্নয়নে জোটের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh