শিগগিরই দলে ফিরছেন ৭০ বিদ্রোহী এমপি প্রার্থী । এছাড়াও বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। এরই মধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, দলকে সুসংহত করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই বিএনপির এ উদ্যোগ। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগির এ বিষয়ে তারা কেন্দ্র থেকে চিঠি পাবেন। একই সঙ্গে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
বিগত জাতীয় নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।