শুরু হয়েছে জাতিসংঘের ৩১ তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১। সোমবার (৯ নভেম্বর) তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের পর্যটন নগরী আন্তালিয়া এক্সপো সেন্টারে এই সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন আর বিচ্ছিন্ন কোনো সংকট নয়। অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ, খাদ্যনিরাপত্তা, ঋণের চাপ ও প্রযুক্তিগত বৈষম্যের সঙ্গে জলবায়ু সংকট একে অপরকে আরও জটিল করে তুলছে।
কুরুম বলেন, এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে গড়ে তুলতে চায় তুরস্ক। আলোচনার টেবিলে নেওয়া প্রতিশ্রুতিগুলো যেন মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনে, সেটিই হবে মূল লক্ষ্য।
সম্মেলনে যোগ দিতে কাল মঙ্গলবার তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে মূল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তাঁর এই বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন এবং জলবায়ুর প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
জলবায়ু সম্মেলনের পাশাপাশি এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে।
এ ছাড়া স্বাগতিক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও প্রধানমন্ত্রীর একটি সৌজন্য সাক্ষাতের প্রবল সম্ভাবনা রয়েছে।