বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

একসঙ্গে মাঠে নামছে বিএনপি, জামায়াত ও এনসিপি

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকাসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য মোকাবিলায় এবার একসঙ্গে মাঠে নামছে ক্ষমতাসীন বিএনপি, সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল তিনটি আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে। এদিকে গতকাল বুধবার মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৈঠক করেছেন। সেখানে দুই নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে থাকতে সম্মত হয়েছেন বলে জামায়াতের একজন সংসদ সদস্য জানিয়েছেন।

জামায়াতের সংসদ সদস্য বলেন, ‘মাগরিবের নামাজের আগে জামায়াত আমিরকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা। এ সময় উভয় নেতা মতবিরোধ ভুলে ঐক্যের ভিত্তিতে বর্তমান সহিংস পরিস্থিতি ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের মোকাবিলায় একমত হন।’

একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ও সম্ভাব্য অপতৎপরতার প্রশ্নে তিন দলের অবস্থান একই। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়েও দলগুলোর নেতাদের মধ্যে যোগাযোগ রয়েছে।

বিএনপির সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের, বিশেষ করে জামায়াত ও এনসিপির সঙ্গে বিরোধে না জড়াতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ বিএনপি মনে করে, তিন দলের ঐক্য অটুট থাকলে কোনো ফ্যাসিবাদ রাজনীতিতে ফিরতে পারবে না। এ ঐক্যে ফাটল ধরাতে দেশ ও বিদেশ থেকে নানা ষড়যন্ত্র চলছে। তাই দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মাঠের কর্মসূচি পালনের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার বিষয়ে তৃণমূলকে বার্তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh