বাংলাদেশের হজ কোটা আরও ৫ হাজার বাড়ানো হয়েছে। ফলে আগামী বছর ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরে এই ৫ হাজার কোটা বাড়ানো হয়েছে ।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহমন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজ কোটা বাড়িয়েছেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
বিগত বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালন করেন।