বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৫ দিনব্যাপী ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ)-এর সমাপনী ও পুরস্কার বিতরণ ১২ অক্টোবর (সোমবার) রাতে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো: নূর হোসেন এর সভাপতিত্বে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল তরফদারের পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মকসুদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি এবং ক্রীড়া ব্যক্তিত্ব ফখরুল ইসলাম রুমেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সহিদুল ইসলাম, জেলা তথ্য অফিস কর্মকর্তা মো: মিজানুর রহমান, ক্রীড়াবিদ শামসুল ইসলাম, ক্রীড়াবিদ রিদোয়ান চৌধুরী, দাবাড়ু অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান মেহেদী, খেলা পরিচালনা কমিটির আহবায়ক শাহ মাহফুজুল করিম ও সদস্য সচিব আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, এসিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো: মছব্বির আলী ও ক্রীড়া সাংবাদিক নাদিয়া আক্তার পপি। সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত ৫ দিন ব্যাপী ৭ রাউন্ডের খেলায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৩১ জন দাবাড়ু অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুনামগঞ্জ জেলার দাবাড়ু শতদ্রু শোভন দে। দ্বিতীয় স্থান অর্জন করেন সিলেট বিভাগীয় দাবাড়ু সাইফুল ইসলাম চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেন সিলেট জেলার দাবাড়ু সংস্থার সনাতন জাহিদ, চতুর্থ স্থান অর্জন করেন শেরপুর জেলা দাবাড়ু মো: আব্দুর রউফ আজিজ এবং পঞ্চম স্থান অর্জন করেন ময়মনসিংহ জেলা দাবাড়ু মো: জামাল উদ্দিন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মো: মিনহাজুর রহমান মিনহাজ এর সৌজন্যে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খেলোয়াড়দের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এ ছাড়া সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পাঁচজন বিজয়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খেলায় আর্বিটারের দায়িত্ম পালন করছেন বিকাশ রঞ্জন দাস।
Related