চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে এই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ হারানোর কথা জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠনটি। রোববার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বিজিএমইএ গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে। কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, প্রাথমিক এই জরিপে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে। সংস্থাটি জানায়, শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। উল্লেখিত সময়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানাগুলোর সর্বনিম্ন ১ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শুধু ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমান)।
এ ছাড়া ৪২৮ মিলিয়ন ডলারের সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
বিজিএমইএ জানায়, অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা ইতোমধ্যেই তাদের নিশ্চিতকৃত অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।