ফ্রান্সে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে সংক্ষিপ্ত ব্যবসায়িক সফরে প্যারিস আগমন উপলক্ষে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি–র সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়াকে গতকাল ১৩ মে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবর্ধনা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনকে ঘিরে পুরো প্যারিসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও ফ্রান্স যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুর রেজা তুহিন এবং ব্যবসায়ী কামরুল ইসলাম।
সংবর্ধিত প্রধান অতিথি আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়া প্রবাসীদের প্রশংসা করে বলেন— “প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি। যেকোনো সংকটময় পরিস্থিতিতে আপনারা দেশকে সাহস, শ্রম ও সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে আমি আপনাদের সঙ্গে একযোগে কাজ করতে চাই।”
তিনি ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ব্রাহ্মণবাড়িয়ার ভাবমূর্তি উন্নয়নের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।