মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব এল-মান্দেব প্রণালিতে হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলা থেকে নিজেদের বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ সুরক্ষায় নিজেদের নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূল এবং আইএনএস আদিত্যকে মোতায়েন করেছে ভারত।
গত ৯ ও ১০ আগস্ট দুই যুদ্ধজাহাজের পাহারায় বাব এল-মান্দেব প্রণালি পেরিয়েছে দুই ভারতীয় ট্যাংকার জাহাজ এমটি কম্পাস এবং এমটি থালাতা।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কিছু ছবি পোস্ট করেছে ভারতের নৌবাহিনী। সেসব ছবিতে দেখা গেছে, নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাহারায় বাব এল-মান্দেব প্রণালি পার হচ্ছে তেলবাহী দুই ট্যাংকার জাহাজ এমটি কম্পাস ও এমটি থালাতা এবং সার্বিক পরিস্থিতি ওপর থেকে পর্যবেক্ষণ করছে ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার।
ইয়েমেন থেকে সৌদি সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে গত ২০ জুলাই বাব এল-মান্দেব প্রণালিতে অবরোধ জারি করে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। তার পর গত ৪ আগস্ট প্রণালির কাছে ড্রোন হামলার শিকার হয়ে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এসএমভি ফাইজ নুরে ওলিয়া।